সারাদেশ

কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত: আত্মমর্যাদা ও নিরাময়ের ঐক্যবদ্ধ আহ্বান

  ভুবন কুমার শীল, কুড়িগ্রাম |   ২৫ জানুয়ারি ২০২৬ , ৫:০৫:২১ প্রিন্ট সংস্করণ


“আত্মমর্যাদা ও নিরাময়ের ঐক্যবদ্ধ আহ্বান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। রোববার সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি কনসালটেন্ট ডা. সাদিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন আনম গোলাম মোহাইমেন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ওমর ফারুকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

সভায় বক্তারা বলেন, কুষ্ঠ রোগ এখন আর আতঙ্কের বিষয় নয়। আক্রান্ত রোগীরা যদি নিয়মিতভাবে ৬ থেকে ১২ মাস পর্যন্ত নির্ধারিত ওষুধ সেবন করেন, তবে তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে কুষ্ঠ রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তারা জানান।

বক্তারা আরও বলেন, জেলায় বছরে গড়ে প্রায় ৮১ জন কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছেন। তবে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহায়তা ও পর্যাপ্ত জনবল না থাকায় রোগী শনাক্তকরণের হার আশানুরূপ নয়। এ অবস্থায় কুষ্ঠ রোগ নির্মূলে সহায়তা বৃদ্ধি এবং জনবল সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় কুড়িগ্রাম সিভিল সার্জনের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও তাদের সহযোগী সংস্থাগুলোর সহায়তায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও খবর

Sponsered content