সারাদেশ

ধান বিক্রির বিরোধের জেরে নিহত কিশোরের হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

  বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ২৩ জুন ২০২৬ , ৮:২৩:৩৫ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে আহত কিশোর সাহাবীর হোসেনের মৃত্যুর পর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জানাজার নামাজের আগে রায়পুর বাজার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা নিহত কিশোরের খাটিয়া কাঁধে নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ মিছিল করেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ মে সকাল ৯টার দিকে রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে সাহাবীর হোসেন ও তার বাবা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পরে সাহাবীরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার (২২ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে তিনি মারা যান।

নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর মামলা গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশ টালবাহানা করেছে। এতে জনমনে ক্ষোভ বাড়ছে এবং দ্রুত বিচার না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, মঙ্গলবার দুপুরে জানাজার নামাজ শেষে সাহাবীর হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Sponsered content