মোঃ নাজমুল হক, নরসিংদী প্রতিনিধি— ২৫ জানুয়ারি ২০২৬ , ৬:০৪:৫৩ প্রিন্ট সংস্করণ
নরসিংদীর পলাশ উপজেলার ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম বলেছেন, ধানের শীষে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং এই এলাকা আর অবহেলিত থাকবে না। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নরসিংদী-২ (পলাশ) আসনের সার্বিক উন্নয়নে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।
রোববার (২৫ জানুয়ারি) উপজেলার ডাংগা এলাকায় নরসিংদী-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের পক্ষে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
এর আগে ইব্রাহিম আল মাসুম দক্ষিণ হাসানহাটায় ড. আব্দুল মঈন খানের সহায়তায় একটি সামাজিক কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।
প্রচারণা সভায় তিনি আরও বলেন, “আমার নিজের জন্য করার কিছু নেই। আমি মানুষের জন্য কিছু করতে চাই। মানুষকে নিয়ে ভাবতে চাই, মানুষের উন্নয়ন নিয়ে ভাবতে চাই। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দলের চেয়ারপারসন তারেক রহমানের পরিকল্পিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কর্মসূচির সঙ্গে আমরা অংশীদার হতে চাই।”
পরে তিনি ডাংগা ইউনিয়নের আশপাশের প্রধান সড়ক, ডাংগা বাজার ও হাসানহাটা গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালান।
এ সময় স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রচারণায় অংশ নেন।




















