সারাদেশ

নেত্রকোনায় ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:০০:১৮ প্রিন্ট সংস্করণ


৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদবাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও ৯ম পে-স্কেলের গেজেট এখনো প্রকাশ না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবিলম্বে গেজেট প্রকাশ করে কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেত্রকোনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মো. রফিকুল ইসলাম, অর্থ সমন্বয়ক মো. সিরাজুল আলম, জেলা সমন্বয়ক মোহাম্মদ রাসেল হায়দার, সদস্য মোহাম্মদ আল-আমিন, নাসরিন আক্তার, মো. ইব্রাহিম, আল-আমিন; বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম; বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মো. শাহনূর কবীর খোকন, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, আনোয়ার হোসেন, সার্ভেয়ার মো. রেজাউল করিম ভূইয়া এবং পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসিএ মো. হাফিজুর রহমান খান পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের অসন্তোষ আরও বাড়বে। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচি চলাকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, বিচার বিভাগ, সদর ইউএনও অফিস, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল, সমাজসেবা অফিসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content