সারাদেশ

বগুড়া-১ আসনে জোড়া ভোট ঘিরে প্রস্তুতি সম্পন্ন, ৭২ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ

  মোঃ রাশেদ মিয়া স্টাফ রিপোর্টার, বগুড়া। ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৬:০০ প্রিন্ট সংস্করণ

আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বহুল আলোচিত গণভোট। এ জোড়া ভোটকে কেন্দ্র করে বগুড়া-১  (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে টানটান উত্তেজনার পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারিয়াকান্দি উপজেলার ৭২টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

এবার ভোটারদের একই সঙ্গে দুটি পৃথক ব্যালট পেপারে ভোট দিতে হবে। জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট বরাদ্দ করা হয়েছে। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে।

বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৬১৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭২০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন।

সারিয়াকান্দি উপজেলায় ২ লাখ ২ হাজার ৭৭ জন ভোটারের জন্য ৭২টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে রয়েছে ১৯টি কেন্দ্র, যেখানে ভোটার সংখ্যা ৪০ হাজার ৮৬৩ জন। এসব কেন্দ্রে ঘোড়ার গাড়ি ও নৌকায় করে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটারদের সুবিধার্থে কাজলা ইউনিয়নের বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নতুন ভোটকেন্দ্র করা হয়েছে। এছাড়া নান্দিনার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের কেন্দ্রগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করতে দুইজন ম্যাজিস্ট্রেটকে সার্বক্ষণিক নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ উপজেলায় ১ হাজার ৮০৪ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বর্তমানে নির্বাচনী এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ও প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content