প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট দিয়ে তিনি গণমাধ্যমে এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, “এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় সম্ভব হয়েছে। আসুন, আমরা সবাই ভোট দিই।”
ভোট শুরু হওয়ার পর কোনো অভিযোগ পেয়েছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। সকাল ১০টা থেকে ভোটের হারের হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।”
সারা দেশে ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনের ভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার অংশগ্রহণ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।
মোট ৪২,৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ তৈরি করা হয়েছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন রাজনৈতিক দল থেকে এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ ও স্বতন্ত্র ২০)।
শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে নির্বাচন বাতিল করা হয়েছে। তাই এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে।














