সারাদেশ

দুধ দিয়ে গোসল করে ‘শুদ্ধ’ হলেন আনোয়ার

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১৮:৩২ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের ৩০ বছর বয়সী যুবক নুরুজ্জামান ওরফে আনোয়ার। এক সময় জড়িয়েছিলেন মাদকের মরণনেশায়, ছিল একাধিক মামলার ঘানি। অন্যদিকে প্রেমের টানে তিনবার বিয়ে করেও ভাগ্যে জোটেনি ঘরসংসার। অবশেষে অপরাধ জগত এবং বিয়ের মায়া—সবকিছু থেকে মুক্তি পেতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

মাদক ব্যবসা এবং বারবার বিচ্ছেদের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আনোয়ার নিজের বাড়িতে আয়োজন করেন এক ‘শুদ্ধি উৎসব’। অনেকটা বিয়ের অনুষ্ঠানের মতোই সামিয়ানা টানিয়ে গেট সাজানো হয়। সেখানে প্রথমে গায়ে হলুদ মেখে এবং পরে দুধ দিয়ে গোসল করে তিনি জীবনের সব ভুল ও অপরাধ থেকে তওবা করেন।

আনোয়ার জানান, পরিস্থিতির চাপে পড়ে তিনি এক সময় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। যার ফলে জেল-জুলুম আর পুলিশের মামলা তার জীবন থেকে শান্তি কেড়ে নিয়েছিল।

আনোয়ারের ঘর ভাঙার গল্পটি শুরু হয় ২০১৫ সালে। একে একে তিনবার প্রেম করে বিয়ে করলেও কোনো স্ত্রীই তার সাথে স্থায়ী হননি। প্রথম বিয়ে,গার্মেন্টে কাজের সময় পরিচয় গোপালগঞ্জের তরুণীর সাথে। ৪ বছর পর ২০১৯ সালে তিনি তাকে ছেড়ে চলে যান। আর দ্বিতীয় বিয়ে, রংপুরের এক তরুণীর সাথে ভুল নম্বরে পরিচয়ের পর বিয়ে, কিন্তু সেটিও টেকেনি। অতঃপর তৃতীয় বিয়ে শেষ চেষ্টা হিসেবে ঘর বাঁধলেও সেই স্ত্রীও তাকে ছেড়ে এখন বাপের বাড়িতে।

বারবার স্ত্রীদের অবহেলা আর অন্ধকার জীবনের গ্লানি মুছে ফেলতে আনোয়ার এখন বদ্ধপরিকর। এই সংকল্প উদযাপন করতে এবং এলাকাবাসীর কাছে দোয়া চাইতে তিনি তিনটি ছাগল জবাই করে ধুমধাম করে খাওয়ার আয়োজন করেছেন।

গ্রামে এখন একটাই আলোচনা—আনোয়ারের এই “ইউ-টার্ন” যেন অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়। অপরাধ আর বিয়ের ঝামেলা ছেড়ে তিনি এখন শান্তির এক নতুন জীবন খুঁজছেন।

আরও খবর

Sponsered content