নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট): ৮ মার্চ ২০২৬ , ৬:৫১:৫১ প্রিন্ট সংস্করণ
জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৮ মার্চ) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দিতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সরকারি ও ব্যক্তিগত—উভয় পর্যায়েই জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নিজেও তাঁর দপ্তরে বিদ্যুৎ ব্যবহারে সংযমী হওয়ার মাধ্যমে সাশ্রয়ের বার্তা দিচ্ছেন।
ঈদকে সামনে রেখে অপরাধ প্রবণতা বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি জোরদার করতে হবে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ মার্কেট ও সড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ছিনতাইকারীরা মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত পালিয়ে যায়। তাই মোটরসাইকেল চলাচলে নিয়ন্ত্রণ এবং অনেক মার্কেটের ভেতরে মোটরসাইকেল প্রবেশ বন্ধের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। কিশোর গ্যাং বা ছিনতাইকারীদের পাশাপাশি তাদের পেছনে কারা রয়েছে তাও খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে কেউ প্রভাব খাটাতে এলে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
সভায় মন্ত্রী আরও জানান, প্রবাসীদের জন্য সিলেটে আধুনিক মানের স্বল্প ব্যয়ের আবাসন সুবিধা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, অনেক প্রবাসী রাতে সিলেট বিমানবন্দরে এসে উপযুক্ত আবাসন না পেয়ে সমস্যায় পড়েন। এ বিষয়টি বিবেচনায় রেখে জিন্দাবাজারে ওভারসিজ ভবনে আধুনিক সুবিধাসম্পন্ন ১০ তলা একটি ভবন নির্মাণ করা হবে। এতে হোটেল, ট্রেনিং সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থাকবে। পাশাপাশি প্রবাসীদের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে স্কুল ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















