মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ৩০ মার্চ ২০২৬ , ৮:৩৫:৪৮ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) উড়ালসড়কে চলন্ত একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কাদেরিয়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গাজীপুরগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৬-৫৮৩৬) বিআরটি উড়ালসড়কের কাদেরিয়া গেট এলাকার লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং গাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে।
এ সময় গাড়িতে থাকা যাত্রী ও চালক দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, “খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় গাড়িটিতে আগুন লাগে। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”




















