বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : ৭ এপ্রিল ২০২৬ , ৯:৩০:১৩ প্রিন্ট সংস্করণ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কৃষিকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় স্মার্ট এইচভিসি (সবজি) প্রকল্পের আওতায় কৃষকদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা ও উন্নয়নকর্মীদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। সভাপতিত্ব করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব মণ্ডল এবং জোনাল ব্যবস্থাপক ফারুক আহমেদ।
কর্মশালায় প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসাইন প্রকল্পের প্রেক্ষাপট, লক্ষ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তন, খরা ও লবণাক্ততার প্রভাবে কৃষকরা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন। পাশাপাশি উন্নত বীজ ও চারার অভাব, ফসল সংরক্ষণের সীমাবদ্ধতা এবং অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার কৃষিকে ঝুঁকির মধ্যে ফেলছে।
বক্তারা বলেন, এসব সমস্যার টেকসই সমাধান দিতে জাগরণী চক্র ফাউন্ডেশন পিকেএসএফ-এর আর্থিক সহায়তায় ‘স্মার্ট এইচভিসি (সবজি) প্রকল্প’ বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের সম্পদ-দক্ষ ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিতে উদ্বুদ্ধ করা, জলবায়ু সহিষ্ণু সবজি চাষ সম্প্রসারণ এবং বাজার ব্যবস্থার সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের আওতায় খুলনা বিভাগের ছয়টি জেলায় কৃষকদের আয় বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং স্মার্ট কৃষি ব্যবস্থার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।




















