সারাদেশ

দিনাজপুর-৬ আসনে ডা. জাহিদ হোসেনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৪ নভেম্বর ২০২৫ , ৮:০৪:৪৩ প্রিন্ট সংস্করণ

 দিনাজপুর-৬ আসনের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে বৃহৎ পরিসরের ফ্রি মেডিকেল ক্যাম্প। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এই চিকিৎসাসেবায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিচ্ছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলা এই ক্যাম্পে মেডিসিন, গাইনী, শিশু, হৃদরোগ, চর্ম, নাক–কান–গলা, চক্ষু, হাড়–জোড়া–সহ বিভিন্ন শাখার বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে সেবা ও ওষুধ প্রদান করছেন। দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে এসে ক্যাম্পগুলোতে উপচেপড়া ভিড় করেছেন।

এই উদ্যোগ সবচেয়ে বেশি উপকৃত করছে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষেরা, যারা সাধারণত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া বা প্রয়োজনীয় ওষুধ কেনার সামর্থ্য রাখেন না।

দিনাজপুর-৬ এর চার উপজেলায় বিভিন্ন ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করেন অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া বিএনপির অঙ্গীকার। দেশের বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞদের নিয়ে আজ চার উপজেলায় ফ্রি মেডিকেল টিম বসানো হয়েছে; রোগীরা সারাদিন চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পাবেন।”

দিনাজপুর-৬ এলাকায় একই দিনে এত বড় পরিসরে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আয়োজনকে স্থানীয়রা বিরল উদ্যোগ হিসেবে দেখছেন। এ মানবিক কার্যক্রম জনমনে নতুন আশার সঞ্চার করেছে।

আরও খবর

Sponsered content