সারাদেশ

টঙ্গীতে চাঁদাবাজির মামলায় বহিষ্কৃত তাঁতীদল নেতা গ্রেফতার

  স্টাফ রিপোর্টার : ৭ মে ২০২৬ , ১০:৪২:০০ প্রিন্ট সংস্করণ

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় নামধারী তাঁতীদলের ৫১ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর সাতাইশ খরতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে র‌্যাব সদস্যরা তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে আব্দুস সালামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আব্দুল্লাহ আল মামুন। দাবি করা টাকা না পেয়ে ভুক্তভোগীকে তার বাসার চারতলায় নিয়ে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগ রয়েছে।

একপর্যায়ে ভুক্তভোগীর স্ত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে আহত অবস্থায় তিনি টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে টঙ্গীর গাজীপুরা, সাতাইশসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন বলেও জানা গেছে।

এদিকে, তার ছোট ভাইও কয়েকদিন আগে হেরোইনসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশের হাতে আটক হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “র‌্যাব-১ চাঁদাবাজির মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

আরও খবর

Sponsered content