সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : ২৯ মে ২০২৬ , ১২:১১:২৭ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মালেকা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাসানী তিস্তা সেতুর উত্তরপ্রান্তের শহরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মালেকা বেগম উপজেলার ডাঙ্গারচর গ্রামের পশু চিকিৎসক মনছুর আলীর স্ত্রী। তিনি তিন কন্যা সন্তানের জননী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. জুলিয়াস রহমান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মালেকা বেগম রাস্তা পারাপার করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শহরের মোড় এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে মোটরসাইকেলের অতিরিক্ত গতি ও অসচেতন চালনার কারণে ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। দ্রুত গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা ও সড়কে সচেতনতা বাড়ানো না গেলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা।
পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















