মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১২:২৬:০৪ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর বাগমারায় একটি মৎস্য চাষ প্রকল্পের পানিতে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার বাগমারা থানায় দেওয়া অভিযোগে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও প্রকল্পের লিজগ্রহীতা আতাউর রহমান দাবি করেন, শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশের প্রায় ৭০ বিঘা জমি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে তিনি মাছ চাষ করে আসছেন।
অভিযোগে বলা হয়, এর আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আশরাফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ওই প্রকল্পের অংশীদার ছিলেন। পরবর্তীতে প্রকল্পের নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
আতাউর রহমানের অভিযোগ, সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে এসে প্রকল্পটি দখলের চেষ্টা করেন এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেন। এরই জেরে শুক্রবার ভোরে প্রকল্পের পানিতে বিষ প্রয়োগ করা হয়।
এর ফলে প্রকল্পে থাকা রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প, কালিবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আশরাফ আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, মাছের মৃত্যুর প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।




















