মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ৫:২৮:০৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
শনিবার (৬ জুন) টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আরিচপুর ও বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একাধিক দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দক্ষিণ আরিচপুর ও বড় দেওড়া এলাকা থেকে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের দেহ ও হেফাজতে তল্লাশি চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা চাপাতি, ছুরিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। থানার রেকর্ড ও সিডিএমএস (CDMS) যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারাসহ অস্ত্র আইনের ১৯ (এফ) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জিএমপি জানিয়েছে, টঙ্গীসহ মহানগর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




















