সারাদেশ

মাধবপুর ভূমি অফিসে জনবল সংকট, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১০ জুন ২০২৬ , ৪:০৫:৩২ প্রিন্ট সংস্করণ

 

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কানুনগো ও সার্ভেয়ার না থাকায় নামজারি, খারিজ, জমির রেকর্ড সংশোধনসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত কার্যক্রমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাপ্রার্থীদের।

প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক মানুষ ভূমি অফিসে সেবা নিতে এলেও প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে একটি সাধারণ কাজ সম্পন্ন করতেও একাধিকবার অফিসে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ধর্মঘর ইউনিয়নের বাসিন্দা আব্দুল কাদের জানান, চিকিৎসার খরচ মেটাতে জমি বিক্রির প্রয়োজন হলেও নামজারি ও খারিজের কাজ দীর্ঘদিনেও সম্পন্ন করতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও বারবার অফিসে যেতে হচ্ছে। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে মাধবপুর ভূমি অফিসে কানুনগোর পদ শূন্য রয়েছে। এছাড়া কয়েক মাস আগে একমাত্র সার্ভেয়ারকে হবিগঞ্জ সদর উপজেলায় বদলি করা হয়েছে। ফলে জমি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

আরেক সেবাপ্রার্থী আমজাদ মিয়া বলেন, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও রেকর্ড-সংক্রান্ত তথ্য সংগ্রহের মতো সাধারণ কাজেও ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাধবপুর একটি বৃহৎ উপজেলা হওয়ায় এখানে ভূমি-সংক্রান্ত কাজের চাপ অনেক বেশি। কিন্তু সেই তুলনায় জনবল অত্যন্ত কম থাকায় সেবার গতি ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানান।

এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “উপজেলা ভূমি অফিসে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সীমিত জনবল দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। জনবল বৃদ্ধি পেলে সেবার মান ও গতি আরও উন্নত হবে।”

স্থানীয়দের মতে, দ্রুত শূন্য পদগুলো পূরণ করা না হলে ভূমি-সংক্রান্ত সেবায় জনদুর্ভোগ আরও বাড়বে। একই সঙ্গে জমি ক্রয়-বিক্রয়, নামজারি, খারিজ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘসূত্রতা তৈরি হয়ে সাধারণ মানুষকে আরও বেশি ভোগান্তির মুখে পড়তে হবে।

এলাকাবাসী জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং ভূমি অফিসের সেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content