নুরুজ্জামান শেখ ।। গাজীপুর ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২৫:২৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের নিভৃত গ্রাম বেলাশিবের সন্তান সালাহউদ্দিন আইয়ুবী। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে গাজীপুর জেলার ৫ টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর ৪ আসনে নির্বাচিত এমপি হিসেবে এই ইতিহাস গড়েছেন তিনি।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ৩৬ বছর বয়সী সালাহউদ্দিন আইযুবী এলাকায় পরিচিত ছিলেন একজন সংগঠক ও সামাজিক কর্মী হিসেবে। ছাত্র জীবনে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি দায়িত্ব পান তিনি। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার পর এবার দল থেকে মনোনয়ন পেয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন তিনি।
কাপাসিয়া আসনটি দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ-এর জন্মভূমি হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পতিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই আসনে অতীতে আওয়ামী লীগ থেকে ছয়বার, বিএনপি থেকে একবার এবং জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক বলেন, এই প্রথম আমাদের দল থেকে এমপি পেয়েছি, অত্যন্ত মেধাবী সালাউদ্দিনের হাত ধরে উন্নত সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক কাপাসিয়া হবে আমরা বিশ্বাস করি।
নির্বাচনে জয়লাভের পর সালাহউদ্দিন আইযুবী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের কাছে কাপাসিয়ার সার্বিক উন্নয়নের স্বার্থে সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে কাপাসিয়ার উন্নয়নে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রধান লক্ষ্য।এই আসন থেকে সবে মোট ৮ এমপি পদে নির্বাচন করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চাইতে ১১৩৮৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।
এলাকাবাসীর আশা, রাজনৈতিক ভিন্নমত ভুলে নতুন এমপির নেতৃত্বে কাপাসিয়ায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বেগবান হবে।




















