সারাদেশ

নওগাঁয় বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ পুলিশের

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১১ জুন ২০২৬ , ১০:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁর দুবলহাটি-ভীমপুর সড়কের পাশের একটি বিল থেকে শফিকুল ইসলাম স্বপন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১১ জুন) সকালে সদর উপজেলার বারোমাসি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম স্বপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানচপাড়া গ্রামের মো. আজিজার রহমান লবিরের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি পুরাতন বাটন ফোন ও স্মার্টফোনের যন্ত্রাংশ কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ জুন সকাল ১০টার দিকে নওগাঁর ভীমপুর এলাকা থেকে নিখোঁজ হন শফিকুল। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন বারোমাসি বিলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামত পর্যালোচনা করে বিষয়টিকে সন্দেহজনক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ বিলে ফেলে রাখা হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

আরও খবর

Sponsered content