আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বাস খাদে পড়ে নিহত ৩১

  প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ২:০০:১৭ প্রিন্ট সংস্করণ

ইথিওপিয়ার একটি পাহাড়ি সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন।এ ঘটনায় আরও আহত হয়েছেন বেশ কয়েকজন। রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রারত একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েেছে, ডেসি অঞ্চল থেকে ছেড়ে আসা বাসটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটি একটি দুর্গম ও বাঁকপূর্ণ পাহাড়ি সড়ক দিয়ে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে। সংঘাত ও অবকাঠামোগত দুর্বলতার কারণে এলাকাটিতে পর্যাপ্ত জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স না থাকায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। অনেককে সাধারণ যানবাহনে করে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, সময়মতো চিকিৎসা না পাওয়ায় কয়েকজন আহত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত এবং সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ইথিওপিয়ায় সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০২৪ সালের ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলের সিদামা এলাকায় একটি বাস নদীতে পড়ে গেলে অন্তত ৬৬ জন নিহত হয়েছিলেন। এবারও বড় ধরনের প্রাণহানির ঘটনায় দেশটিতে সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও খবর

Sponsered content