মোঃ অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১৬ জুন ২০২৬ , ১:৪২:৩১ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক ও দূরদর্শী পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুশইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন— বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল। তারা সবাই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১১টার দিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্তের মেইন পিলার ২২৫/৩-আর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বেসামরিক মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করেন।
বিজিবি জানায়, সীমান্ত পরিস্থিতি বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, রোকনপুর সীমান্ত দিয়ে এর আগেও পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। গত ১৩ জুন একই সীমান্ত এলাকা দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। সেসময়ও বিজিবির কঠোর অবস্থানের কারণে ওই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।
এদিকে, পুশইন কার্যক্রমে সহায়তার অভিযোগে আটক সাতজনকে সোমবার রাতেই গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”




















