প্রতিনিধি ১৯ জুন ২০২৬ , ১১:৪৪:৩৯ প্রিন্ট সংস্করণ
বক্স অফিসে ইতিহাস গড়া ভারতীয় সিনেমা ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য নাকি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে সরাসরি এসেছে এমন গুঞ্জনে সম্প্রতি সরগরম ছিল নেটদুনিয়া। তবে এ বিষয়ে এবার সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন সিনেমাটির অভিনেতা রাকেশ বেদি।
দিল্লিতে আয়োজিত ‘অমৃত রত্ন ২০২৬’ সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, ছবির সাফল্যের পর কেউ কেউ দাবি করছেন এর গল্প নাকি পিএমও থেকে লেখা হয়েছে। এ ধরনের মন্তব্যকে তিনি অবাস্তব বলে উড়িয়ে দেন। তার প্রশ্ন, এমন কোনো ব্যক্তি কি সত্যিই পিএমওতে আছেন যিনি সিনেমার সংলাপ লিখতে পারেন?
তিনি আরও বলেন, ‘এ ধরনের ধারণা মানুষ হয়তো কল্পনাও করতে পারে না।’
অ্যাকশন ঘরানার এই ছবিতে কমেডি চরিত্রে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাকেশ বেদি বলেন, শুরুতে চিত্রনাট্য পড়ে তিনি বুঝেছিলেন এটি একটি গম্ভীর গল্প। তবে এর মধ্যেই কিছু অংশে কমেডি যোগ করার সুযোগ ছিল। পরে তিনি পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও শুটিংয়ের সময় তার কমিক টাইমিং পরিচালককে সন্তুষ্ট করে।
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ বিশ্বব্যাপী প্রায় ৩ হাজার কোটি রুপি আয় করে ভারতীয় চলচ্চিত্রে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন ও সারা অর্জুন।














