সারাদেশ

র‍্যাবের অভিযানে আটক মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী

  আবু হানিফ রানা, চট্টগ্রাম: ২২ জুন ২০২৬ , ১২:০৯:২৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে রাঙামাটির  বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

র‍্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মো. আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তার ভগ্নিপতি শাহ আলমের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযান শেষে র‌্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে আসে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাবের একটি বিশেষ দল বাঘাইছড়ির দুর্গম এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে আটক করেছে।

গত ১৩ জুন দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মাসুদ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন অস্ত্রধারী সেখানে আসে। তাদের দুজনের হাতে শর্টগান এবং তিনজনের হাতে পিস্তল ছিল। ঘটনাস্থলে পৌঁছে তারা মাসুদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আরও খবর

Sponsered content