আবু হানিফ রানা, চট্টগ্রাম: ১৭ জুন ২০২৬ , ১০:২২:১৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস পালন করেছেন। দায়িত্বের প্রথম দিনেই তিনি সিডিএর চলমান উন্নয়ন প্রকল্প, নগর পরিকল্পনা এবং নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন।
প্রথম কর্মদিবসে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি চট্টগ্রাম নগরীর পরিকল্পিত উন্নয়ন, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং চলমান প্রকল্পগুলোর গুণগত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সিডিএ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিভিন্ন বিভাগের কার্যক্রম পর্যালোচনা করেন এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে নাগরিকবান্ধব, আধুনিক ও টেকসই নগর গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় তিনি বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে সিডিএকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করা জরুরি।
উল্লেখ্য, গত ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে এক বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।




















