সাতক্ষীরা প্রতিনিধি: ২৪ জুন ২০২৬ , ৮:৪২:২৭ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকার বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান (মুকুল)-এর অপসারণ ও তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার (২৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন বল্লী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, সাধারণ সম্পাদক আব্দুল গনি, ইউপি সদস্য রবিউল ইসলাম, সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমান এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, এ কে এম আজহারুজ্জামান (মুকুল) অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাদের দাবি, তিনি অবৈধভাবে দায়িত্ব ধরে রেখে প্রতিষ্ঠান পরিচালনা করছেন, যা বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছেন। গত ২২ জুন এক শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ এবং ক্লাস চলাকালে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগও তুলে ধরেন বক্তারা।
এ সময় প্রদর্শিত ব্যানার ও বক্তব্যে তার বিরুদ্ধে অবৈধ নিয়োগ, দায়িত্ব দখল, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীদের হেনস্তা, প্রাণনাশের হুমকি প্রদান এবং শিক্ষার্থী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।




















