বিনোদন

অশ্রু, শ্রদ্ধা ও ভালোবাসায় মুস্তাফা মনোয়ারকে শেষ বিদায়

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ২:০০:৪৯ প্রিন্ট সংস্করণ

অশ্রু, ফুল আর নীরব শ্রদ্ধায় বিদায় জানানো হলো দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পাপেট আন্দোলনের পথিকৃৎ ও একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ারকে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে ১১টায় তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

সেখানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। শহীদ মিনারে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন মুরশিদ।

এরপর একে একে শ্রদ্ধা জানায় দুরন্ত টেলিভিশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট, কর্মজীবী নারী, বাংলা একাডেমি, বটতলা, গণতান্ত্রিক বাম ঐক্য, গোলাম মোস্তফা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, পাঠশালা, প্রাচ্যনাট, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বঙ্গরঙ্গ নাট্যদল, থিয়েটার, আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুল, নাট্যম রেপার্টরি, নাগরিক নাট্য সম্প্রদায়, স্বনন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, কণ্ঠশীলন, স্রোত আবৃত্তি সংসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও সংস্কৃতি বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন।

এ ছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানিয়েছেন নাট্যকার রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ত্রপা মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন, শিল্পী মনিরুল ইসলাম, চিত্রশিল্পী মনিরুজ্জামান, কেরামত মাওলা, কাজী তামান্না ও গোলাম রাব্বানীসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত স্মৃতিচারণ পর্বে মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবন, শিল্পভাবনা এবং নতুন প্রজন্মের শিল্পী-সংস্কৃতিকর্মী গড়ে তোলায় তার অবদানের কথা তুলে ধরেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, চিত্রশিল্পী আনোয়ার হোসেন ও কেরামত মওলাসহ অনেকে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার জন্য নেওয়া হয়।

চারুকলা অনুষদ ও চ্যানেল আই প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

বলা দরকার, গত ১৪ জুন নিউমোনিয়াজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর থেকেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (২৯ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

আরও খবর

Sponsered content