প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১২:২৭:৪৩ প্রিন্ট সংস্করণ
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ফ্যাসিবাদী আমলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
আজ রোববার বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।’
তিনি লেখেন, ‘জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ যাদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।’
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন উল্লেখ করে জামায়াত আমির লিখেছেন, ‘কোনোদিন আমরা জোর করেও তাকে কোনো ফি দিতে পারিনি। তিনি বলতেন, এটি আমার নৈতিক দায়িত্ব-এই মজলুমদের পাশে দাঁড়ানো। আমরা তার কাছে গভীর কৃতজ্ঞ।’
পোস্টের শেষে বিরোধীদলীয় নেতা লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন তার দোষ-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের উত্তম ধৈর্যধরার তাওফিক দান করুন। আমিন।’
উল্লেখ্য, রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।





















