প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ২:১২:২৩ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ৬২ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে গাইবেন তিনি। একাডেমি ও শিল্পী- দুই পক্ষ থেকেই খবরটি নিশ্চিত করা হয়েছে। এখন আপাতত প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন এই কিংবদন্তি সংগীতশিল্পী।
জানা গেছে, অনুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় ১০টি গান গাইবেন। সঙ্গে থাকবে গল্প-আড্ডা।
অনুষ্ঠানটি নিয়ে গণমাধ্যমকে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে। ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি। তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করছি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’
এর আগে, কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে এরকম অনুষ্ঠান করেছে শিল্পকলা একাডেমি।
উল্লেখ্য, শিল্পকলায় পরিবেশনা শেষে আবার অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নিতে হবে রুনা লায়লাকে। এ মাসের শেষ দিকেই যাবেন সেখানে, গাইবেন একাধিক অনুষ্ঠানে।















