সারাদেশ

ধর্মান্তরিত হয়ে বিয়ে: মান্দায় মেয়েকে ত্যাজ্য ঘোষণা, প্রতীকী শ্রাদ্ধ সম্পন্ন পরিবারের

  নওগাঁ প্রতিনিধি ৭ আগস্ট ২০২৬ , ১১:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় ধর্মান্তরিত হয়ে এক মুসলিম যুবককে বিয়ে করার ঘটনায় প্রেমা (২২) নামে এক তরুণীকে পরিবার থেকে ত্যাজ্য ঘোষণা করেছেন তার বাবা অসিত কুমার দাস। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে তরুণীর প্রতীকী শ্রাদ্ধ সম্পন্ন এবং আত্রাই নদীতে পিণ্ডদান করার দাবি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলার প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন এলাকার বাসিন্দা অসিত কুমার দাসের ছোট মেয়ে প্রেমা স্থানীয় সাতবাড়িয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী ছিলেন। একই এলাকার বাসিন্দা ও প্রসাদপুর বাজারের চা বিক্রেতা আজাদের ছেলে আরমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরিবারের দাবি, প্রেমার অন্যত্র বিয়ের প্রস্তুতি চলছিল। প্রথমে ৭ আগস্ট বিয়ের দিন নির্ধারণ করা হলেও বরের মায়ের অসুস্থতার কারণে তা পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। এরই মধ্যে গত ২৯ জুলাই গভীর রাতে প্রেমা বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি ধর্মান্তরিত হয়ে আরমানকে বিয়ে করেন বলে পরিবারের সদস্যরা জানান।

পরিবারের সদস্যরা জানান, মেয়েকে খুঁজে না পেয়ে তারা থানার শরণাপন্ন হন। পরবর্তীতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার দাবি করে গত ৪ আগস্ট পরিবারের পক্ষ থেকে প্রেমার প্রতীকী শ্রাদ্ধ ও পিণ্ডদান সম্পন্ন করা হয়।

প্রেমার কাকি কৃষ্ণা বলেন, ধর্মান্তরিত হয়ে বিয়ের ঘটনায় পরিবার সামাজিকভাবে বিব্রত হয়েছে। তিনি দাবি করেন, এ ঘটনার পর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

প্রেমার বড় বোন প্রিয়াঙ্কা বলেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতীকী শ্রাদ্ধ সম্পন্ন করা হয়েছে। সরকারি ছুটির কারণে আনুষ্ঠানিকভাবে ত্যাজ্য ঘোষণার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। অফিস খোলার পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

প্রেমার মা কবিতা রানী বলেন, তারা কোনো আইনি পদক্ষেপ নিতে চান না। তবে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মেয়েকে ত্যাজ্য করার বিষয়টি তিনি জেনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ জমা পড়েনি।

আরও খবর

Sponsered content