প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১১:৪৯:২৪ প্রিন্ট সংস্করণ
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার সকালে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে হাসিবুর রহমানকে একমাত্র আসামি করে গতকাল একটি মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’
ঘটনার দিন হাসিবুর ঘটনাস্থলে রিধিকাকে দেখতে এসেছিলেন; সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান ওসি। তিনি বলেন, ‘আমরা তাকে সেখান থেকেই গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আত্মহত্যার আগে বন্ধু হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা হাসিবুরের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
রিধিকা রিধি মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।





















