আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা চাইল তুরস্ক

  প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ , ১২:৪৪:১৮ প্রিন্ট সংস্করণ

গাজায় ইসরায়েলের অপরাধের জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছে তুরস্ক। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নেতানিয়াহু ও আরও একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গত ১৪ জুলাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ওই পোস্টে গুরলেক আরও বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাদের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ করেছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। এর মাধ্যমে অভিযুক্তদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি গত মে মাসে আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর অভিযানের ঘটনায় মোট ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

গুরলেক জানান, অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে তুরস্ক জাতীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব ধরনের আইনি ব্যবস্থা ব্যবহার করবে।

ন্যাটো সদস্য তুরস্ক গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও নীতির অন্যতম কঠোর সমালোচক। আঙ্কারা এর আগেও গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যন্তরীণ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তুরস্ক বারবার ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে মে মাসে গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত দুটি নৌযানে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় ওই নৌবহরটি আটকানোর ঘটনায় ব্যাপক আন্তর্জাতিক সমালোচনা হয়। ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াও এ ঘটনায় বিচারিক প্রক্রিয়া শুরু করেছে।

প্রায় ৫০টি নৌযান নিয়ে তুরস্ক থেকে মে মাসে গাজামুখী যাত্রা করেছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। পরে ভূমধ্যসাগরে ইসরায়েলি বাহিনী কর্মীদের আটক করে এবং তাদের একটি ইসরায়েলি কারাগারে নিয়ে যাওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

ওই সময় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের একটি ভিডিও প্রকাশ নিয়েও ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, হাত পেছনে বাঁধা এবং হাঁটু গেড়ে থাকা ফ্লোটিলার কর্মীদের তিনি উত্তেজিতভাবে উসকানি দিচ্ছেন।

তুরস্কের বিচারমন্ত্রী গুরলেক বলেন, ‘গাজায় সংঘটিত অপরাধ ধামাচাপা দেওয়া বা দায়ীদের দায়মুক্তির আড়ালে রক্ষা করার সুযোগ আমরা দেব না।’ তিনি আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইনের আওতায় থাকা সব উপায় দৃঢ়ভাবে কাজে লাগানো হবে।

তুরস্কের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেছে। এক বিবৃতিতে তারা এরদোয়ানের উদ্যোগকে দুঃখজনকভাবে দুর্বল বলে মন্তব্য করে। তারা দাবি করে, ইসরায়েল মধ্যপ্রাচ্যের ‘একমাত্র সত্যিকারের গণতন্ত্র’।

নেতানিয়াহুর কার্যালয় এরদোয়ানকে ‘ইহুদিবিদ্বেষী’ বলেও অভিযোগ করে এবং তুরস্কের আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েল কঠোরভাবে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেয়।

আরও খবর

Sponsered content