অর্থ-বাণিজ্য

হোম ফাইন্যান্সিং সহজ করতে এসিআই প্রপার্টিজ ও এনআরবি ব্যাংকের অংশীদারত্ব

  প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৬ , ২:৪৪:৫৬ প্রিন্ট সংস্করণ

গ্রাহকদের বাসা কেনা ও দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে ঋণ প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এনআরবি ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকার এসিআই গ্লোবাল অফিসে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এসিআই প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন এবং এনআরবি ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় এসিআই প্রপার্টিজের আওতাধীন ‘সেরেনো লেভান্দে’র প্রপার্টি সেবা গ্রহণকারী যোগ্য গ্রাহকেরা এনআরবি ব্যাংকের প্রচলিত সুদের হারের চেয়ে অন্তত ১ শতাংশ কম সুদে ‘My Home Loan’ সুবিধা পাবেন। এছাড়া শতভাগ ঋণ প্রক্রিয়াকরণ ফি (Processing Fee) মওকুফ করা হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেওয়ার পর সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে ঋণ মঞ্জুরির সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে ঋণ অনুমোদনের পর নিয়মিত কিস্তি শুরু করার আগে গ্রাহকদের ৬ মাসের সময়সীমা (Grace Period) ও নমনীয় কিস্তি পরিশোধের সুবিধা দেওয়া হবে।

বাসা কেনার পাশাপাশি দীর্ঘমেয়াদি সার্ভিসড অ্যাপার্টমেন্ট বা ভাড়ার বাসার ক্ষেত্রে অগ্রিম অর্থ, সিকিউরিটি ডিপোজিট ও ফ্যাসিলিটি চার্জ পরিশোধেও বিশেষ পার্সোনাল লোন সুবিধা পাবেন গ্রাহকেরা।

অনুষ্ঠানে এসিআই প্রপার্টিজের ডিরেক্টর তানভীর শাহরিয়ার রিমন বলেন, “আমাদের লক্ষ্য প্রপার্টি খোঁজা থেকে শুরু করে মালিকানা বা আবাসন সুবিধা নেওয়ার পুরো প্রক্রিয়াটি গ্রাহকদের জন্য সহজ করা।” অন্যদিকে এনআরবি ব্যাংকের সিইও তারেক রিয়াজ খান বলেন, “কম সুদের হার ও দ্রুততম সময়ে ঋণ প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকেরা তাদের আবাসনসংক্রান্ত সিদ্ধান্ত আরও স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংকের পক্ষে এসইভিপি অলি আহাদ চৌধুরী, এসএভিপি জাহাঙ্গীর আলম ও এসএভিপি ইফতেখারুল ইসলাম এবং এসিআইয়ের পক্ষে এনআরবি বিজনেসের ডিরেক্টর জিয়াউল হক, বিজনেস ট্র্যান্সফরমেশনের প্রধান আমির হামজা ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content