প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ১:০১:০৮ প্রিন্ট সংস্করণ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে আবেদন করাকে রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।একই সঙ্গে তিনি বলেছেন, ‘শেখ হাসিনা কখনোই দেশে ফিরবেন না।’
আজ সোমবার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’
আমিনুল ইসলাম বলেন, ‘তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুক।’ এ সময় আগামীকাল মঙ্গলবার শেখ হাসিনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবেন বলেও জানান চিফ প্রসিকিউটর।
সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ আবেদন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তার এ ধরনের প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে রয়টার্স।
আরও পড়ুন: দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার: রয়টার্সের রিপোর্ট
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার আইনজীবীরা তার বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবি, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান।
তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।





















