প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৬ , ৩:৪০:০৫ প্রিন্ট সংস্করণ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্ট চাওয়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।
আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুলের পোস্টটি পাঠকদের সুবিধার্থে হুবহু নিচে তুলে ধরা হলো—
‘‘শেখ হাসিনার ভুল
বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা। তার মানে, বাংলাদেশে এসে বিচার ফেস করার মতো পরিস্থিতি আছে বলে মনে করছেন তিনি। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি একজন দণ্ডিত অপরাধী। তাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ভারতকে চিঠি দিয়েছে। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই। এজন্য পাসপোর্টের প্রয়োজন নেই। ভারত সরকার চাইলেই তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
পাসপোর্ট চেয়ে সেই পথই সহজ করে দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার এখন বলতে পারে, দেশে ন্যায়বিচার আছে বলেই তিনি দেশে ফেরার সাহস করছেন। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার হচ্ছে-এই অজুহাতে তাকে ফেরত না দেওয়ার যুক্তি আর গ্রহণযোগ্য নয়। ভারতকে এখন আরও জোরালোভাবে এই কথাটি বলার সুযোগ তৈরি হয়েছে।
শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতাকর্মীদের বিপদ বাড়াচ্ছেন।’’
প্রসঙ্গত, আজ সোমবার শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশের পর এ মন্তব্য করেন আসিফ নজরুল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর আইনজীবীরা এ-সংক্রান্ত আবেদন পাঠিয়েছেন।









