টেকনাফের চাঞ্চল্যকর সেনাসদস্য হত্যা মামলার আসামি যৌথ অভিযানে গ্রেফতার
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ৬:৫৭:০১প্রিন্ট
সংস্করণ
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদস্য তিতাস হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ১৮নং আসামিকে মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৩:৪০ ঘটিকায় এসআরবি-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮নং আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা(২০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন প্রকাশ বক্কইন্যা (২০), পিতা-মৃত কামাল হোসেন, মাতা-বেগম বাহার, এইচ ব্লক, ০৫নং রুম, মুছনী ক্যাম্প, টেকনাফ, কক্সবাজার।
উল্লেখ্য, সেনাবাহিনীর সদস্য তিতাস হত্যার মতো চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান পরিচালনার ফলে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ এসআরবি-১৫। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।