নওগাঁ প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০২৬ , ৮:৫৩:০৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় পৈতৃক সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে প্রায় ১৭ বছর ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে বসতভিটা হারানোর আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছেন মৃত নজর আলী মোল্লার উত্তরাধিকারীরা। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমি থেকে বাদীপক্ষকে উচ্ছেদ বা বেদখল না করার নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনাটি উপজেলার ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র গ্রামের। বিরোধপূর্ণ জমিটি গাড়ীক্ষেত্র মৌজার আরএস ১৭২ নম্বর খতিয়ানভুক্ত। ওই খতিয়ানের ২ একর ৬ শতক জমির মধ্যে হাল ৪৮৪ নম্বর দাগের ১৭ শতক জমি নিয়ে বিরোধ চলছে। জমিটির সিএস খতিয়ান নম্বর ১১৭ এবং এসএ খতিয়ান নম্বর ১৪২।
মামলার বাদীপক্ষের অভিযোগ, প্রায় ২২ থেকে ২৪ বছর আগে পারিবারিক বিরোধের জেরে নজর আলী মোল্লাকে বসতবাড়ি থেকে বের করে দেন তাঁর ছোট ভাই ফয়েজ উদ্দিন মোল্লা। পরে নজর আলী তাঁর দুই ছেলে আমজাদ হোসেন ও আব্দুর রশিদ এবং মেয়ে ছামেনাকে নিয়ে একই ইউনিয়নের খুদিয়াডাঙ্গা খালের ওপারে সরকারি জমিতে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে যাওয়ার মাত্র ২৯ দিনের মাথায় তাঁর মৃত্যু হয়।
নজর আলীর মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে তাঁর উত্তরাধিকারীরা স্থানীয় মাতবর, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে প্রতিকার চান। সে সময় স্থানীয়ভাবে তাঁদের দেড় শতক জমি বুঝিয়ে দেওয়া হয়। বর্তমানে ওই জমিতেই তাঁরা বসবাস করছেন। পরে জমির কাগজপত্র সংগ্রহ করে আরও ১৫ শতকের বেশি জমির মালিকানা দাবি করেন তাঁরা।
স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে ২০১৩ সালে আদালতে বাটোয়ারা মামলা করেন নজর আলীর উত্তরাধিকারীরা। মামলাটি এখনো বিচারাধীন।
বাদীপক্ষের আরও অভিযোগ, মামলা চলমান থাকা অবস্থায় ফয়েজ উদ্দিন মোল্লা বিরোধপূর্ণ সম্পত্তির বাড়ি-ভিটাসহ বিভিন্ন অংশ একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে শামীম হোসেন ও জুতি এবং মীর কাসেমের ছেলে বাচ্চুসহ অন্যদের কাছে বিক্রি করে দেন। পরে ক্রেতারা জমিতে দখল প্রতিষ্ঠা করে তাঁদের স্বাভাবিক বসবাস ও ভোগদখলে বাধা সৃষ্টি করছেন। ফয়েজ উদ্দিন জীবিত থাকা পর্যন্ত তাঁকে ওই বাড়িতে বসবাস করতে দেওয়ার শর্তে জমি বিক্রি করা হয়েছিল বলেও দাবি বাদীপক্ষের।
এ ছাড়া ফয়েজ উদ্দিনের দেখানো কয়েকটি দলিলের দাতা-গ্রহীতা ও ঠিকানার সঙ্গে বিরোধপূর্ণ জমির তথ্যের অসংগতি রয়েছে বলে দাবি করেছেন বাদীপক্ষ। ১৯৭০ সালের ২৪ এপ্রিলের ৭০৪১ নম্বর, ১৯৬৮ সালের ১২ অক্টোবরের ১০১২০ নম্বর এবং ১৯৭৫ সালের ২১ মার্চের ৮১২০ নম্বর দলিল নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। এসব দলিলে উল্লেখিত দাতা-গ্রহীতাদের ঠিকানার সঙ্গে গাড়ীক্ষেত্র মৌজার জমির সামঞ্জস্য নেই বলে দাবি তাঁদের। এ কারণে সংশ্লিষ্ট দলিলের নথি আদালতে তলবের আবেদনও করেছেন তাঁরা।
জমি থেকে উচ্ছেদ, জোরপূর্বক দখল, ভোগদখলে বাধা, জমির শ্রেণি পরিবর্তন ও হস্তান্তর বন্ধে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন বাদীপক্ষ। তাঁদের আশঙ্কা, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে জমি থেকে উচ্ছেদ করা হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হবে।
আদালতের আদেশে বলা হয়েছে, বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য, আবেদনপত্র, আরজি ও মামলার নথিপত্র পর্যালোচনায় নালিশি সম্পত্তির ওপর আবেদনকারীদের প্রাথমিক ও যুক্তিসংগত দাবি রয়েছে বলে প্রতীয়মান হয়েছে। বিবাদীদের বিরুদ্ধে গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ২১ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে বিবাদীরা কোনো লিখিত আপত্তি দাখিল করেননি। ১৫ নম্বর বিবাদী আদালতে হাজির হলেও লিখিত আপত্তি দেননি।
পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৬ এপ্রিলের কারণ দর্শানোর আদেশটি চূড়ান্ত করেন। একই সঙ্গে বিবাদীদের লিখিত আপত্তি দাখিল না হওয়া পর্যন্ত নালিশি জমি থেকে বাদীপক্ষকে উচ্ছেদ বা বেদখল না করার নির্দেশ দেন। আবেদনটি আংশিকভাবে মঞ্জুর করে আগামী ২২ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আদেশটি দেন নওগাঁর ১ম আদালতের সিভিল জজ (ইনচার্জ) ও অতিরিক্ত সিনিয়র সিভিল জজ মো. মোমিনুল হক।
বাদীপক্ষের অভিযোগ, জমি দখলের বিষয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়েও তাঁরা কাঙ্ক্ষিত প্রতিকার পাননি। আদালতের নিষেধাজ্ঞার পরও বসতভিটা ও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটছে না তাঁদের।





















