শিক্ষা ও শিক্ষাঙ্গন

বায়ান্নের ইতিহাসকে সেলুলয়েডে বন্দি করল বাকৃবির মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা

  বাকৃবি প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৫:০৭ প্রিন্ট সংস্করণ

 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনন্য উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর মাওলানা ভাসানী হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

তারা নির্মাণ করেছেন বিশেষ প্রামাণ্যচিত্র ‘ওয়ান হল, ওয়ান হার্ট, ওয়ান ভিশন’, যা বায়ান্নর ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলো এবং এর গৌরবোজ্জ্বল ইতিহাস ফুটিয়ে তোলে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে প্রামাণ্যচিত্রটি হলের শিক্ষার্থীদের মধ্যে প্রদর্শিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। প্রামাণ্যচিত্রটিতে ১৯৪৮ সালের আন্দোলনের সূত্রপাত থেকে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রফিক, সালাম, বরকতসহ ভাষা শহীদদের আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এর বৈশ্বিক স্বীকৃতির ইতিহাস অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রটির নির্দেশনায় ছিলেন ২০২১-২২ শিক্ষাবর্ষের হল ছাত্রদল কর্মী দুর্জয় মন্ডল, কণ্ঠ দিয়েছেন শিক্ষার্থী অপু বর্মন।

মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী বাঁধন মল্লিক প্রতীক বলেন, “বর্তমান প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। হলের বিভিন্ন স্থানে চিত্রধারণ এবং ঐতিহাসিক ফুটেজ ব্যবহারের মাধ্যমে প্রামাণ্যচিত্রটিকে জীবন্ত করা হয়েছে।”

আরেক শিক্ষার্থী মো. নূরুল বিন হাসান জানান, “আমাদের এই সৃজনশীল কাজের মাধ্যমে যদি একজন সহপাঠীও মাতৃভাষার সঠিক ইতিহাস জানতে পারে, তবেই আমাদের সার্থকতা। কৃষি শিক্ষার পাশাপাশি জাতীয় ইতিহাসের প্রতি হলের শিক্ষার্থীদের এই আগ্রহ ও সৃজনশীলতা অত্যন্ত আশাব্যঞ্জক।”

উল্লেখ্য, প্রতি বছরই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে মাওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে থাকে। তবে এবারের প্রামাণ্যচিত্রটি ভিন্ন মাত্রার আবেদন তৈরি করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে প্রশংসিত হয়েছে।

আরও খবর

Sponsered content