গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৬ , ৩:১৩:১৩ প্রিন্ট সংস্করণ
রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ও
রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন হলেন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমান আতা এবং রাতে খলেয়া ইউনিয়নে নিজ
বাড়ি থেকে এনছান আলীকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গঙ্গাচড়া থানার এফআইআর নম্বর-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫ এবং জিআর নম্বর- ৩১১-এর একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।





















