বিনোদন

হারানো দিনের অনুভূতি জাগাতে বিটিভিতে ‘ফিরে এসো চিঠি’

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ৪:০১:১৫ প্রিন্ট সংস্করণ

হারিয়ে যেতে বসা চিঠির ইতিহাস, ঐতিহ্য ও আবেগ নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’।

অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হয়েছে গতকাল বুধবার রাত ১১টা ৫ মিনিটে। পাক্ষিক এই অনুষ্ঠানের প্রথম পর্বের আলোচনার বিষয় ছিল ‘নজরুলের চিঠি’।

বিশিষ্ট লেখক অনার্য মুর্শিদের গবেষণা ও গ্রন্থনায় এবং বিটিভির সংবাদ পাঠিকা মেহেনাজ মুন্নির সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটিতে সময়ের পরিবর্তনে চিঠির সেকাল ও একালের নানা দিক তুলে ধরা হয়েছে। প্রাণবন্ত আলোচনা ও আর্ট-শোর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে চিঠির সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, স্মৃতি ও ঐতিহ্য।

ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠানটির প্রযোজক গোলাম মোর্শেদ এবং প্রধান সমন্বয়ক এনামুল হক। অনুষ্ঠানটির নির্মাণে সহায়তা করছে দোয়েল কমিউনিকেশনস।

‘ফিরে এসো চিঠি’ প্রসঙ্গে প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, বিশেষ গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আলোচনার জন্য বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ প্রজন্মের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। দুই প্রজন্মের মধ্যে সেতুবন্ধ তৈরির মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে উঠছে কালের আয়না। সেই আয়নায় ফুটে উঠছে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত অনুভূতি ও অভিজ্ঞতার গল্প।

দোয়েল কমিউনিকেশনসের প্রধান নির্বাহী মসিউর রহমান বলেন, চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনের অনুভূতি বোঝা যে কতটা গুরুত্বপূর্ণ, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানই জানানোর চেষ্টা করা হয়েছে।

প্রসঙ্গত, ঐতিহ্যের ধুলোমাখা ডাকবাক্সের স্মৃতি উন্মোচন এবং প্রায় হারিয়ে যাওয়া চিঠির ভাঁজে লুকিয়ে থাকা আবেগ ও অনুভূতিকে নতুন করে সামনে আনার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে ‘ফিরে এসো চিঠি’। এর মাধ্যমে অতীতের যোগাযোগব্যবস্থার পাশাপাশি তৎকালীন সমাজচিত্র, ইতিহাস-ঐতিহ্য, শিল্পকর্ম, সাহিত্য ও দর্শনের নানা দিক তুলে ধরার প্রয়াস নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content