মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৪ নভেম্বর ২০২৬ , ১০:৩০:২৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তানের মধ্যে এক নবজাতক নিখোঁজের আট দিন পর বগুড়া থেকে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুটি নিখোঁজ হওয়া সেই নবজাতক কি না, তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় এক নারী ও তাঁর স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে ৭ থেকে ৮ দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আদমদীঘির তারতা গ্রামের মলিনা (৪০) ও তাঁর স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সান্ত্বনা আক্তার নামের এক প্রসূতির অস্ত্রোপচার করা হয়। পরিবারের অভিযোগ, একাধিক আলট্রাসনোগ্রাম প্রতিবেদনে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য উল্লেখ থাকলেও অস্ত্রোপচারের পর তাদের হাতে কেবল একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়। অপর নবজাতকের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো সন্তোষজনক তথ্য দেয়নি।
এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনার পর মাঠে নামে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘির তারতা গ্রামে অভিযান চালিয়ে কয়েক দিন বয়সী ওই নবজাতককে উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরে স্বীকার করেন যে তিনি নবজাতকটিকে অন্য কোথা থেকে সংগ্রহ করেছেন।”
পুলিশ সুপার আরও বলেন, “উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। শিশুটির প্রকৃত পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত সে পুলিশি হেফাজতেই থাকবে।”
শিশুটিকে ওই গ্রামে কীভাবে নেওয়া হলো এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















