চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ১১:১৪:৩৪ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯) এবং একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। ইউসুফ আলী সাটিয়াজুরী ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি এবং ফরিদ মিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।















