সারাদেশ

পীরগঞ্জে প্রমীলা ফুটবলে জয়ী রাঙ্গাটুঙ্গি একাডেমি

  ঠাকুরগাঁও প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৬ , ১১:২০:৩৪ প্রিন্ট সংস্করণ

নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেলে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এ খেলা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলে জয় পায় রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি।

প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমি। খেলায় দর্শকদের উপস্থিতি ও উৎসাহে মাঠে উৎসবের আমেজ তৈরি হয়। পুরো ম্যাচে ধারাভাষ্য দেন সুজন খান।

খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর এ শাহাদাৎ স্বজন এবং পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রামাণিক।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারী ফুটবলারদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় ইএসডিওকে ধন্যবাদ জানান। পাশাপাশি রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমির উন্নয়নে মোট দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে ইএসডিওর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরও খবর

Sponsered content