কক্সবাজার প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ , ১১:০১:২১ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল চলাকালে এ অভিযান চালানো হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বিশেষ টহলের সময় সীমান্তবর্তী এলাকায় দুই ব্যক্তিকে দুটি ব্যাগ হাতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের থামার সংকেত দিলে তাঁরা ব্যাগ দুটি ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির অধিনায়ক বলেন, মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।





















