গাইবান্ধা জেলা প্রতিনিধি: ১৯ মার্চ ২০২৫ , ৭:৩৩:০৮ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনের দায়ে যুবলীগ নেতাসহ তিনজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৯ মার্চ (বুধবার) সকাল সাড়ে সাতটার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়।
আটককৃতরা হলেন—হোসেনপুর ইউপির হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর মন্ডল (৪২), করতোয়াপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪০) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডল (৪০)।
জাহাঙ্গীর মন্ডলকে ৩ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, মাসুদ মিয়াকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, এবং নুহ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, অভিযোগের ভিত্তিতে তাদের বাড়িতে গিয়ে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
লালচান বিশ্বাস সুমন /এমআই




















