সারাদেশ

আত্মসমর্পণের পর জামিন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২২:৩৫ প্রিন্ট সংস্করণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন। আজ সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নাজিম উদ্দিন পান্না বিষয়টি নিশ্চিত করেছেন।

তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।

আইনজীবী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপিকর্মী সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।

ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তালুকদার মোহাম্মদ ইউনুস। এসময় আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারও সঙ্গে কথা না বলে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তালুকদার মোহাম্মদ ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও খবর

Sponsered content