আন্তর্জাতিক

“আল-কায়েদা থেকে প্রেসিডেন্ট: আল-শারার সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক সাক্ষাৎ”

  নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর ২০২৫ , ৯:৪৫:২৬ প্রিন্ট সংস্করণ

ওয়াশিংটন সফর করছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

আল জাজিরা সূত্রে জানা গেছে, সিরিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়ার জন্য নতুন ছাড়পত্র জারি করেছে যুক্তরাষ্ট্র। প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর এই সিদ্ধান্তকে ‘নতুন যুগের সূচনা’ হিসেবে দেখছে কূটনৈতিক মহল। বিশেষ করে দামেস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে ওয়াশিংটন।

আহমেদ আল-শারার এই সফর পশ্চিমা বিশ্বের সঙ্গে সিরিয়ার অর্থনৈতিক পুনর্গঠন ও পুনর্বাসনের প্রচেষ্টাকে আরও জোরদার করেছে। একই সঙ্গে এটি আল-শারার রাজনৈতিক রূপান্তরের দিকটিও প্রকাশ করেছে—যিনি একসময় আল-কায়েদা-ঘনিষ্ঠ গোষ্ঠীর নেতৃত্ব দিতেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব গড়ছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আল-শারা খুব কঠিন জায়গা থেকে এসেছেন এবং তিনি একজন কঠিন মানুষ। আমি তাকে পছন্দ করি।” তিনি আরও যোগ করেন, “আমরা সিরিয়াকে সফল করতে যা দরকার, তাই করব। এখন মধ্যপ্রাচ্যে শান্তি বিরাজ করছে—যা আগে কেউ কল্পনাও করেনি।”

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আহমেদ আল-শারা আল-আসাদ সরকারকে উৎখাত করে দেশটিতে গৃহযুদ্ধের অবসান ঘটান। এরপর থেকেই তিনি অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্ব দিচ্ছেন।

আরও খবর

Sponsered content