খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের মিশন, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৬ , ১১:৩৪:২১ প্রিন্ট সংস্করণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ২০০৩ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই এবারও বসবে শিরোপা নির্ধারণী ম্যাচের আসর। একই মাঠে আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত গ্রুপ ম্যাচ।

৩০ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ক্রিকেট মাঠ ওয়ান্ডারার্সকে বেছে নেওয়া হয়েছে কেপটাউনের ঐতিহ্যবাহী নিউল্যান্ডসের পরিবর্তে। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি হবে নিউল্যান্ডসে। ৭ অক্টোবর সেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ভারত। অর্থাৎ ২০২৩ বিশ্বকাপ ফাইনালের দুই দলকে দিয়েই শুরু হবে ২০২৭ আসরের গ্রুপ পর্ব। বিশ্বকাপ চলবে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত।

২০২৭ বিশ্বকাপে ১২টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও একটি বাছাইপর্ব পেরিয়ে আসা দল। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও অপর একটি বাছাই দল।

আগামী বছরের শুরুতে ১০ দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। রানার্সআপ ও দুই সেমিফাইনালিস্ট খেলবে সুপার সিরিজে। বাছাইপর্বের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি; দক্ষিণ আফ্রিকা অথবা নামিবিয়ায় হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ৫ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে মুখোমুখি হবে দুই দল। গ্রুপপর্বে সবমিলিয়ে ৫টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
প্রতিটি গ্রুপের সেরা তিন দল সরাসরি সুপার সেভেন পর্বে উঠবে। দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে ভালো দলটি সপ্তম দল হিসেবে জায়গা পাবে।

সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপের ম্যাচ হবে ১২টি ভেন্যুতে। নামিবিয়ার উইন্ডহোক, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস, হারারে ও বুলাওয়ে এবং দক্ষিণ আফ্রিকার কেপটাউন, পার্ল, জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ব্লুমফন্টেইন, ডারবান, কুগ্রোম্পো সিটি (ইস্ট লন্ডন) ও গকেবেরহা (পোর্ট এলিজাবেথ) হবে ম্যাচ আয়োজনের কেন্দ্র।

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো…

৫ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ভেন্যু: উইন্ডহোক)
১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (কু-গুম্পো সিটি)
১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ডারবান)
১৯ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ (ডারবান)
২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম বাছাই দল-১ (সেঞ্চুরিয়ন)।

আরও খবর

Sponsered content