প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১:২১:৩৪ প্রিন্ট সংস্করণ
উৎসবমুখর পরিবেশে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল ‘এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর। রোমাঞ্চকর ফাইনালে জয়লাভ করে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা কলেজ।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) স্পোর্টস ফিল্ডে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এআইইউবির অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় এবং অফিস অব স্পোর্টসের উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর ৩২টি কলেজের অংশগ্রহণে শুরু হয়েছিল এ টুর্নামেন্ট।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন এআইইউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (স্টুডেন্ট সার্ভিস অ্যান্ড ওয়েলফেয়ার) ডেপুটি ডিরেক্টর ড. জিয়ারত হোসেন খান।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবির অফিস অব স্পোর্টসের কো-অর্ডিনেটর মো. জয়নাল আবেদিন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।





















