রংপুর প্রতিনিধি: ১০ আগস্ট ২০২৬ , ৩:১২:২৩ প্রিন্ট সংস্করণ
এসএসসি-২০২৬ পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে রংপুর ক্যাডেট কলেজের পরীক্ষার্থীরা। এ বছর কলেজটি থেকে বিজ্ঞান বিভাগের ৪৭ জন ও মানবিক বিভাগের তিনজনসহ মোট ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে।
ফল প্রকাশের পর রংপুর ক্যাডেট কলেজে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কাঙ্ক্ষিত ফল অর্জন করায় পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলেজের অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান। একই সঙ্গে তিনি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট ক্যাডেটদেরও অভিনন্দন জানান।
কলেজ কর্তৃপক্ষ জানায়, রংপুর ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, অধ্যক্ষের নেতৃত্ব, উপাধ্যক্ষের তত্ত্বাবধান এবং শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার পাশাপাশি অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
অধ্যক্ষ এ এইচ এম ছেরাজুজ্জামান বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি ভালো ফলাফলের অন্যতম কারণ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠন, খেলাধুলা এবং সহশিক্ষামূলক কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, এসব কার্যক্রম ক্যাডেটদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখে এবং ভবিষ্যতে তাদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।





















