প্রতিনিধি ২৭ জুলাই ২০২৬ , ১২:২৭:২৬ প্রিন্ট সংস্করণ
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করে চলেছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এরই ধারাবাহিকতায় উত্তর আফ্রিকার দেশ লিবিয়া যুক্ত হয়েছে ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস নেটওয়ার্কে।
লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য বিক্রি ও বিপণনের জন্য দেশটির ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানআসর আল টেকনিয়ার সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটনের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় লিবিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কাজ করবে আসর আল টেকনিয়া। প্রতিষ্ঠানটি দেশটির বাজারে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি ও বিপণন করবে।
চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ।
ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আব্দুর রউফ বলেন, উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ডিজাইন, টেকসই ও উন্নতমান, বিদ্যুৎ সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন এগিয়ে রয়েছে।
তিনি বলেন, এসব বৈশিষ্ট্যের কারণে অল্প সময়ের মধ্যেই বৈশ্বিক বাজারে ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ওয়ালটন। ফলে প্রতিনিয়ত নতুন নতুন দেশের বাজার ওয়ালটনের গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হচ্ছে। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।
আব্দুর রউফ জানান, চলতি বছর ইতোমধ্যে দুই দফায় লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি করা হয়েছে।
তিনি আরও বলেন, লিবিয়ায় গ্লোবাল বিজনেস সম্প্রসারণের মাধ্যমে উত্তর আফ্রিকার অন্যান্য দেশের বাজারে প্রবেশের পথ আরও সুগম হবে বলে আমাদের প্রত্যাশা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান, লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আব্দুল লতিফ প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





















