বাণিজ্য ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ , ৫:৪২:৫১ প্রিন্ট সংস্করণ
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির কয়েক ধরনের ব্যাংকিং সেবা সাময়িকভাবে প্রায় ৯ দিন বন্ধ রাখা হবে। এ বিষয়ে অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করা হবে। এ জন্য ব্যাংকটি ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এডিসি (অল্টারনেট ডেলিভারি চ্যানেল), এটিএম, নগদ লেনদেনসহ বেশ কয়েকটি ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন করে, যা কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এডিসি, এটিএমসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। এছাড়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নগদ লেনদেনসহ অন্যান্য শাখাভিত্তিক ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের সুবিধার্থে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুধু নগদ লেনদেন এবং শাখাভিত্তিক সীমিত ব্যাংকিং সেবা চালু থাকবে। আপগ্রেডেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ৮ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সব ধরনের সেবা নিয়মিতভাবে চালু হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাময়িক সেবা বন্ধ রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।




















